Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গে নির্বাচন: পর্দার নায়ক নায়িকারা ব্যালটে কেমন করলেন?

ভারতের পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে রীতিমতো যেন বইছে গেরুয়া ঝড়। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। এ নির্বাচনে দুই দলের হয়েই অংশ নিয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা। তাদের কেউ কেউ হেরে গেছেন, কারও গলায় আবার উঠেছে বিজয়ের মালা।

এ নির্বাচনে একাধিক ‘নিশ্চিত’ কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। দলটি নদীয়ার করিমপুর থেকে গত বিধানসভা ভোটে জিতেছিল। কিন্তু সে চিত্রও পাল্টে গেছে ২০২৬ সালের নির্বাচনে। করিমপুর কেন্দ্র থেকে এবার তৃণমূলের হয়ে লড়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোমবার (৪ মে) সর্বশেষ রাউন্ডের গণনা শেষে তাকে পেছনে ফেলে ১০১৮৫ ভোটে জয়ী হয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। যদিও গণনার শুরুর দিকে এগিয়েই ছিলেন সোহম। পরে ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। শেষে হেরেই গেলেন এই তারকা অভিনেতা।

পশ্চিমবঙ্গের বরানগরে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই নজর ছিল এই কেন্দ্রের দিকে। এখানে সিপিএমের প্রার্থী ছিলেন সায়নদীপ মিত্র। ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় বরানগরে ভোট হয়।

আরও পড়ুন
পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড মমতার ঘাসফুল 
পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থান: বাংলাদেশের জন্য সুযোগ, না নতুন চাপ? 

শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে ২২২৬০ ভোটে জিতেছেন তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জী। তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিবিদ হিরণ্ময় ওরফে হিরণ চ্যাটার্জীকে খড়গপুর সদরের পরিবর্তে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি।

পরিচালক হিসেবে সিনেমায় হিট হলেও রাজনীতির মাঠে দ্বিতীয়বার হেরে গেলেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫৮২২ ভোটে পরাজিত হয়েছেন এই তারকা পরিচালক।

এদিকে, সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের শিবপুরেও ছিল পদ্ম-ঝড়। প্রথম তিন-চার রাউন্ডের ভোট গণনার পর দেখা যায়, তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে ছিলেন রুদ্রনীল ঘোষ। তখন তার মোট ভোটের সংখ্যা ছিল ২২২৯৮। ১০-১২ রাউন্ডের পরে তা বেড়ে হয় ৫১১০৪। প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে যান এই অভিনেতা। ১৭ রাউন্ড শেষে ১৫ হাজার ভোটে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৮৩২৯৪।

এএমএ/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.