Type Here to Get Search Results !

টানা দ্বিতীয় জয়ে ভারতকে টপকে শীর্ষে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলো পাকিস্তান। কলম্বোতে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে সালমান আগার দল।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপে শীর্ষে উঠে গেছে পাকিস্তান। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে ভারত।

যুক্তরাষ্ট্রের সামনে ১৯১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। শায়ান জাহাঙ্গীর আর শুভনাম রানজানে লড়াই করলেও কখনই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। শায়ান ৩৪ বলে ৫ চার আর ২ ছক্কায় করেন ৪৯। ৩০ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান আসে রানজানের ব্যাট থেকে।

১৪ ওভার পার করে ১০০ ছোঁয় যুক্তরাষ্ট্র। এরপর আর জেতার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত থামে ৮ উইকেটে ১৫৮ রানে।

পাকিস্তানের উসমান তারিক ৩টি আর শাদাব খান নেন ২টি উইকেট।

এর আগে শেষ দুই ওভারে পাকিস্তান উইকেট হারিয়েছে ৫টি। রানও উঠেছে মোটে ১৭। তারপরও সাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান।

কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। সাইম আইয়ুব আর সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৩১ বলে গড়েন ৫৪ রানের জুটি। সাইম ১৭ বলে ১৯ করে ফিরলেও ফিফটি তুলে নিতে ভুল করেননি ফারহান।

অধিনায়ক সালমান আগা করেন মাত্র ১। এরপর বাবর আজম হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রানে থামেন বাবর।

২৭ বলে ফিফটি করা ফারহান তার ইনিংসটাকে বড় করেছেন। ৪১ বলে ৭৩ রান করেন এই ওপেনার, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন শাদাব খান। ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১২ বলেই ৩০ রান করে ফেলেন এই অলরাউন্ডার। এরপর বেশ কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে ৪ বলে ৯ করেন শাহিন শাহ আফ্রিদি।

যুক্তরাষ্ট্রের পেসার শাডলে ফন শালকউইক ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট।

এমএমআর/একিউএফ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.