Type Here to Get Search Results !

দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করবো। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কী উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, পারবেন না। জান্নাতে নিয়ে যেতে পারবেন আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে কিছু না পারলেও আল্লাহকে বলতে পারবেন, তোমার দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আমরা দিন কায়েম করবো, দিনের পথে চলবো। জামায়াতে ইসলামীতে যারা এখানে রয়েছে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ।

তিনি আরও বলেন, ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না, সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে সব প্রার্থী রয়েছেন, তারা দেশের সেবক হবেন। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়াননি। জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে দলের কেউ আমানতের খেয়ানত করলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে। এরকম কথা কোনো দলের নেতা বলেনি।

শাহরিয়ার কবির বলেন, নওগাঁতে যত প্রার্থী আছেন, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলেন, তাহলে তাকে ভোট দেবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানেন না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।

তিনি বলেন, আগের সময়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছেন, এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দেবো না। কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দেবো না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।

শাহরিয়ার কবির আরও বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এ দেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো না, আর সেই মুসলমান কথা বলবে না তাদেরকে ভোট দেবো, এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না।

এসময় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন শাহরিয়ার কবিরসহ জামায়াতের নেতারা।

আরমান হোসেন রুমন/এসএএইচ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.