Type Here to Get Search Results !

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সাড়ে চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ থেকে সরে যান শিক্ষার্থীরা। এরপর থেকেই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জনভোগান্তি বিবেচনায় রাত সাড়ে ৯টায় রেলপথ থেকে সরে গেলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে রেলপথ থেকে সরে যাওয়ার আগে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল (বুধবার) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আবারও একই এলাকায় রেলপথ অবরোধ করা হবে।

এর আগে, এদিন বিকেল ৫টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তারও আগে, গত শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে আবারও রেলপথ অবরোধ করা হয়। এরপর রাত ১২টার দিকে রেললাইন থেকে শিক্ষার্থীরা সরে গেলে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরদিন রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত একই এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কামরুজ্জামান মিন্টু/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.