Type Here to Get Search Results !

রেললাইন থেকে সরে গেলেন বাকৃবি শিক্ষার্থীরা, ট্রেন চলাচল স্বাভাবিক

রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেললাইন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে গেলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচিকে অবাস্তব ও বৈষম্যমূলক দাবি করে এর প্রতিবাদে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাত ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেললাইনে যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন
বাকৃবিতে রেললাইন অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ওসি মো. আকতার হোসেন বলেন, রেললাইন অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি শিক্ষার্থীদের বোঝায়। কিন্তু রেললাইন থেকে না সরতে অনড় থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান। তবে এ সময় তারা ঘোষণা দিয়ে জানান, রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে রেললাইন অবরোধ করে সাটডাউন কর্মসূচি পালন করবে।

এরও আগে এদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে চোট ছোট মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর বিকেল ৫টায় অবরোধের উদ্দেশ্যে রেললাইনে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহের বিভিন্ন স্থানে ঢাকাগামী তিস্তা, মহুয়া এক্সপ্রেস ও মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকে যায়।

রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং পরে অবরোধ তুলে নেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কামরুজ্জামান মিন্টু/ইএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.