Type Here to Get Search Results !

জুবায়েদ হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’সহ নানান স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জুবায়েদ শুধু ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ছাত্র ও বন্ধুবৎসল তরুণ। তার হত্যার পেছনে যে কারণই থাকুক, একটি সংগঠিত অপরাধ সংঘটিত হয়েছে এবং হত্যাকারীদের রাজনৈতিক ছত্রছায়া বা প্রভাব থাকলে তা বের করে আনতে হবে।

jagonews24

তিনি বলেন, আমরা চাই, ঘটনাটি যেন ‘প্রেমঘটিত’ বলে আড়াল করা না হয়। অতীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডকে ব্যক্তিগত ঘটনার প্রলেপ দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান। এছাড়াও শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন নিহত হন। তিনি জবির কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতিরও সভাপতি ছিলেন।

মনির হোসেন মাহিন/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.