Type Here to Get Search Results !

নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি: সাদিক কায়েম

শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলে এ প্রচারণা। প্রচারণাকালে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

তিনি বলেন, এসময় অনেকের পরীক্ষা ছিল। অনেকে অসুস্থ ছিলেন। আমাদের কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু প্রচারণার সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আমরা যখন প্রচারণা শুরু করেছি তখন চেষ্টা করেছি প্রতিটি হলে হলে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের কথাগুলো শোনার জন্য। তবে অনাবাসিক সব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি। এজন্য তাদের নিকট ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে। কিন্তু জুলাই প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা ঘোষণা করছি, আমাদের বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না।

এলাকার স্থানীয় নেতারা ফোন দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাবির শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ ফোন করে হুমকি দিল আর তারা ভোট দিয়ে দিল। আমি তাদের বলবো- আপনারা এই ফোনে প্ররোচিত না হয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থী বেছে নেবেন।

প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। প্রত্যেক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই যেখানে সব বৈচিত্রকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবো।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সব কথা শোনার চেষ্টা করেছি। আমাদের কথাবার্তা, আচরণে কেউ যেন কষ্ট না পায় সে চেষ্টা করেছি। আমরা যেখানে গেছি সেখানেই শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।

এফএআর/এমকেআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.