Type Here to Get Search Results !

বিমানের ব্যাংককগামী ফ্লাইটে ত্রুটি, ১ ঘণ্টা উড়ে ফের ঢাকায় অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। এ কারণে উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ছিলেন।

বুধবার (৬ আগস্ট) ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল এস২-এএফএল রেজিস্ট্রেশনের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তাজনিত কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা ১টা ২১ মিনিটে এটি আবারও ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান সাংবাদিকদের জানান, ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের আজ (বুধবার) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরও একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়।

এর আগে, গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং-৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

এমএমএ/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.