Type Here to Get Search Results !

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু গ্রেফতার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। এসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। ঢাকার এক বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।

শাহজাহান নবীন/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.