অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গত ৮ জুলাই হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজউকের তৎকালীন লিগ্যাল অ্যাডভাইজর ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহ্ খসরুজ্জামানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
রোববার (১৩ জুলাই) আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন দুদকের সিনিয়র অ্যাডভোকেট এমএ আজিজ।
অ্যাডভোকেট এমএ আজিজ বলেন, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্য ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন দুদক। মামলা এখন তদন্ত চলছে বলেও জানান দুদকের এ আইনজীবী।
তদন্তাধীন মামলা কীভাবে স্থগিত হয় প্রশ্ন রেখে দুদকের সিনিয়র আইনজীবী বলেন, মামলা তদন্তের পর কগনিজেন্স অভিযোগ আমলে নিলে আদালতে স্থগিতের কার্যক্রম হওয়া না হওয়ার বিষয়ে উঠে। কিন্তু গাছে পাখি নেই, শিকার করলো কীভাবে? তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
এফএইচ/এমএএইচ/