Type Here to Get Search Results !

নালায় পড়ে নিহত হুমায়রার বাসায় চসিক মেয়র

চট্টগ্রামে নালায় পড়ে নিহত শিশু হুমায়রা আক্তারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে হালিশহর থানার আনন্দিপুর এলাকায় নিহত শিশুর বাসায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মেয়র বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেলে চট্টগ্রামের হালিশহর থানার অধীন আনন্দিপুর এলাকায় খোলা নালায় পড়ে মৃত্যু হয় শিশু হুমায়রা আক্তারের।

সাক্ষাৎকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এসআর

 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.