Type Here to Get Search Results !

লিবিয়ায় মাফিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ২ বাংলাদেশি

দেড় বছরের বেশি সময় পর লিবিয়ার ভয়াবহ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন দুই বাংলাদেশি তরুণ। তারা হলেন- ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ।

বুধবার (৯ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে।

ভুক্তভোগীদের পারিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালে গ্রামের দালালদের প্রলোভনে পরিবার থেকে ৪ লাখ টাকা নিয়ে লিবিয়ার উদ্দেশে পাড়ি জমান সাগর ও তানজির। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভালো কোম্পানিতে কাজের। কিন্তু লিবিয়ায় পৌঁছে কাজের কোনো ব্যবস্থা না পেয়ে একপর্যায়ে তাদের ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে পাচারকারীরা বিক্রি করে দেয় এক মাফিয়া চক্রের কাছে।

এরপর আরও ৮০ বাংলাদেশির সঙ্গে এক অন্ধকার ঘরে আটকে রাখা হয় তাদের। সেখানেই শুরু হয় নির্মম নির্যাতন। লোহার রড, লাঠি ও বৈদ্যুতিক শক দিয়ে দিনের পর দিন নির্যাতন চালানো হয় তাদের ওপর। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছালে পাচারকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে ত্রিপোলিতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন তারা।

পরিবারের আবেদনের পর ব্র্যাকের সহায়তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস অফিস ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। তাদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ায় থাকা দুই তরুণকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়।

সব আইনি প্রক্রিয়া শেষে দেড় বছরের বেশি সময় পর দেশে ফিরছেন সাগর ও তানজির। পরিবারের সদস্যরা তাদের ফিরে আসার খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল-আমিন নয়ন বলেন, এই দুই তরুণের দেশে ফেরা কেবল পরিবারের জন্য নয়, বরং আন্তঃদেশীয় সহযোগিতা ও মানবিক নেতৃত্বের এক উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। তাদের ফিরে আসা প্রমাণ করে পরিবার, রাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মিলিতভাবে কোনো জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে।

জেপিআই/কেএসআর



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.