Type Here to Get Search Results !

আপনাদেরও লাল কার্ড দেখানো হবে: ইসিকে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের মিটিং হয় আজ, ফল জানায় গতকাল। আমাদের দলীয় প্রতীক শাপলা দেবে না বর্তমান নির্বাচন কমিশন।

তিনি বলেন, গত ১৬ বছর দিনের ভোট রাতে করা নূরুল হুদা কমিশনের অবস্থা আপনারা দেখেছেন। তাকে জুতার মালা পরিয়ে কারাগারে নিক্ষেপ করেছে জনতা। বর্তমান নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে হাসনাত বলেন, আপনারা কোথায় যান, কী করেন আমাদের কাছে খবর আছে। সাবধান হয়ে যান, না হলে আপনাদেরও লাল কার্ড দেখানো হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নড়াইল পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন লুঙ্গি পরেই মঞ্চে ওঠেন হাসনাত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতা ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়।

jagonews24

নাহিদ বলেন, বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। মেধ্যা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোনো ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাবো, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।

এ সময় দলটির এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, এনসিপি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.