Type Here to Get Search Results !

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২২ শিশু-কিশোর

তারা কেউ শিশু, কেউবা কিশোর। কেউ স্কুল আবার কেউ মাদরাসায় পড়ে। দুরন্তপনার এই সময়ে পড়াশোনার পাশাপাশি তাদের নামাজের প্রতি যে টান ছিল সেটাই তারা প্রমাণ করেছে। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ২২ শিশু-কিশোর।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদের শিশু-কিশোরদের নামাজে উৎসাহ জোগাতে এই বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তারাবির নামাজের পর ২২ জনের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় যারা টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের পাঁচ হাজার, যারা টানা ৪০ দিন জামাতে চার ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের চার হাজার এবং যারা টানা ৪০ দিন জামাতের সঙ্গে ২-৩ ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের এক হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

হাজী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এস এ ফারুকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম জানান, গত ১১ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মসজিদের পার্শ্ববর্তী এলাকার ২৪ জন শিশু-কিশোর নাম লেখায়। প্রতিদিন তাদের মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করা হতো। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৭ মার্চ ৪০ দিন পূর্ণ হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. এস এ ফারুক বলেন, আমি আশাবাদী, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মাওলানা মকসুদ আহম্মদ, মসজিদ পরিচালনা কমিটির মোতোয়াল্লি হুজ্জাতুল ইসলাম নওশা, উপদেষ্টা ফজলুল হক কেনু মিয়া, হাজী শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজমুল করিম নঈম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

এম মাঈন উদ্দিন/এসআর

 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.